এবার পূজার আয়োজন খুবই ভালো, কোনো সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 103
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজন খুবই ভালো, কোনো ধরনের সমস্যা নেই।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
পূজা কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকবে। সরকারি বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার বাহিনীও যুক্ত হবে।
নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে সহায়তা হিসেবে মোট ৩২ লাখ টাকা ও প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।




















