নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সঙ্গে শীর্ষ রাজনৈতিক নেতারা
- প্রকাশের সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 86
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারাও।
রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তারা রওনা হন।
প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
অধিবেশনে তিনি দেশে বিগত এক বছরে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সভাসহ বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
সফরকালে জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।




















