পাংশায় নির্বাচনী নির্যাতনের অভিযোগে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 109
রাজবাড়ীর পাংশায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাবাসপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ও এলাকাবাসী।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইউনিয়নের গঙ্গানন্দদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন কিছু লোক ভোট বর্জনের ঘোষণা দেয়। সেদিন দুপুর দেড়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় দোকানে চা পান করছিলেন। এসময় একটি চক্র ষড়যন্ত্র করে ভোট বর্জনের কাগজ তার গায়ে ছিটিয়ে ছবি তুলে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়।
তিনি অভিযোগ করে আরও বলেন, ভয়ের কারণে দীর্ঘদিন মুখ খোলেননি। তবে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একইসঙ্গে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের দৃষ্টি আকর্ষণ করে বিচার প্রার্থনা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ— জাফর খাঁ, লিয়াকত খাঁ, ফিরোজ মন্ডল, আব্দুল হান্নান খাঁ, রশিদ প্রামাণিক, খালেক প্রামাণিক ও রাজ্জাক প্রামাণিক প্রমুখ।






















