‘চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’
- প্রকাশের সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 145
আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস—এমনটি জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার–পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না।”
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমি প্রধান উপদেষ্টাকে বলেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকার এ ক্ষেত্রে ব্যর্থ। এখন যদি কোনো অভিযান চালানো হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।”
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে জানিয়েছেন, তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চান।”
অন্যদিকে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান সাংবাদিকদের জানান, তারা প্রধান উপদেষ্টাকে অনতিবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস ও সহিংসতা অনেকাংশেই কমে আসবে।”
উল্লেখ্য, এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়।




















