বাতিল হলো নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা
- প্রকাশের সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 97
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত ও অস্বাভাবিক নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার শাসনামলে চালু হওয়া এই নিয়ম অনুসারে, প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধনের বাধ্যবাধকতা ছিল। নতুন সরকারের শাসনামলে সেটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রিসভার সময় জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ–সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা পর্যালোচনা করে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।
পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। একজন নারী কর্মকর্তা ‘স্যার’ হিসেবে সম্বোধিত হওয়া যেমন ভাষাগতভাবে অনুপযুক্ত, তেমনি তা প্রাতিষ্ঠানিক বিভ্রান্তির জন্ম দেয়।
তারা বলেন, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের জন্য এই ধরনের বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর রীতির আর কোনো স্থান থাকতে পারে না। এখন থেকে পদের মর্যাদা অনুসারে সম্মানজনক ও নিরপেক্ষ সম্বোধন চালুর উদ্যোগ নেওয়া হবে।




















