মাদক ব্যবসা নিয়ে মারামারির খবরে অভিযানে গিয়ে অস্ত্রগুলি উদ্ধার, গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 137
মাদক ব্যবসা নিয়ে মারামারির খবর পেয়ে অভিযানে গিয়ে একটি ওয়ান শুটারগান, দুইটি কার্তুজ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। এসময় রাসেল মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পাংশা উপজেলার শরিষা বাজার সংলগ্ন আধারকোটা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রাসেল একই ইউনিয়নের খালপাড়া গ্রামের পানা মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, আধারকোটা এলাকায় মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মারামারির পর স্থানীয় জনতা একজনকে আটক করে রাখে। ওই যুবক জনগণকে ফায়ার করে দেবে বলে ভয় দেখায়। খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেল নামের ওই যুবককে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্রগুলি থাকার কথা স্বীকার করে। তার দেখানো মতে স্থানীয় এক ব্যক্তির পুকুর পাড়ে খড়ের গাদার নীচে প্লাস্টিকের ব্যাগে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের বেশ কয়েকটি অভিযোগ আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।


























