আবারও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা আরজু

- প্রকাশের সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 130

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আবারও গ্রেপ্তার হয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু। গত সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানার পুলিশ। তিনি একই ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শিক্ষার্থী জিসান হোসেন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ জনের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর তারিখে মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আরজুকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২০ অক্টোবর তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শিক্ষার্থী রাজীব মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত থেকে জামিন নিয়ে তিনি কিছুদিন আগে কারামুক্ত হন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এর আগে এজাহারভুক্ত আসামি হিসেবে আরজুকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
























