কারো বোঝা হতে চান না শারীরিক ও বাক প্রতিবন্ধী রাসেল

- প্রকাশের সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 99

চলতে পারেন না। কথাও বলতে পারেন না পরিস্কার করে। তবুও তিনি কারও প্রতি নির্ভরশীল হতে চান না। পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন রাসেল দেওয়ান। রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে মানুষের ওজন মেপে টাকা উপার্জন করেন। শারীরিক ও বাক প্রতিবন্ধী রাসেল রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা গ্রামের নাজির দেওয়ানের ছেলে। বয়স আনুমনিক ২৫ বছর।
রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকায় ওভারব্রীজের নীচে একটি বস্তা পেতে বসেছিলেন রাসেল দেওয়ান। সামনে একটি ওজন মাপার যন্ত্র। তার বুকে কম্পিউটার কম্পোজ করা লেমিনেটিং করা একটি কাগজ ঝোলানো। তাতে লেখা আছে ‘আসসালামু আলাইকুম। আমি রাসেল দেওয়ান একজন প্রতিবন্ধী, ওজন মাপুন, আমাকে সাহায্য করুন’। রাসেল পরিস্কার করে কথা বলতে পারেন না। কথা বলতে গেলে আটকে যায়।
অস্পষ্ট ভাষায় রাসেল দেওয়ান জানান, ছোটকাল থেকেই তিনি চলতে পারেন না। লাঠির সাহায্যে এখানে ওখানে যেতে হয় খুব কষ্ট করে। কথাও বলতে পারেন না ভালোভাবে। এজন্য লেখাপড়া করা হয়নি। তারা তিন ভাই এক বোন। ভাইদের মধ্যে সবার বড় তিনি। বাবা নাজির দেওয়ান গ্রামে ছোট একটি মুদি দোকান করেন। ছোট ভাই বিদেশ গেছে কিছুদিন হলো। আরেক ভাই মাদ্রাসায় পড়ে। তিনি কারও বোঝা হতে চান না। কিছুদিন ভিক্ষা করেছেন। ভিক্ষা তার একেবারেই পছন্দ নয়। এজন্য এক আত্মীয়র কাছ থেকে ওজন মাপার যন্ত্রটি চেয়ে নিয়েছেন। গত আড়াই মাস ধরে রাজবাড়ী শহরের রেলগেট, কাপড় বাজার, দাদশী বাজার, আলীপুর বাজারসহ যেখানে লোক সমাগম হয় সেখানে যন্ত্রটি নিয়ে বসে পড়েন। বৃষ্টির দিনে খুব সমস্যায় পড়েন। অনেক সময় ভিজতে হয়। প্রতিদিন তার তিন থেকে চারশ টাকা আয় হয়। এছাড়া মাসে তিনি আড়াই হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পান। তার স্বপ্ন টাকা জমিয়ে একটি মুদি দোকান দেবেন। ব্যবসা করে স্বাবলম্বী হবেন। কারো বোঝা হতে চান না তিনি।
























