পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন
‘প্লাস্টিক দূষণ আর নয়’

- প্রকাশের সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 339

‘প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে রোববার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনঃ প্রক্রিয়াজতকরণ ব্যবস্থাসহ একটি আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সদস্য কমল কান্তি সরকার, আবুল বাশার, ইয়েস দলনেতা মানিক হোসেন, শিক্ষার্থী মারিয়া হক প্রমুখ। সঞ্চালনা করেন সনাক সদস্য সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। পুরো বিষয়টি সমন্বয় করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ আহমেদ।
মানববন্ধন থেকে পরিবেশের সুরক্ষায় যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাসহ বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়।
নানা শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
























