রাজবাড়ীতে বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা হাতাহাতি

- প্রকাশের সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / 224

জনতার আদালত অনলাইন ॥ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশে দুই দফা হট্টগোল হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক সাবেক এমপি গৌতম চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে তিনটার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশস্থলে উপস্থিত বিবাদমান দুই পক্ষের কর্মীদের মাঝে বাক বিতন্ডা, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উত্তেজিত কর্মীরা বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। সমাবেশ শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় হট্টগোল শুরু হলে সমাবেশ কিছু সময় বন্ধ থাকে। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ উত্তেজিত কর্মীদের নিবৃত্ত করার পর সমাবেশ পুনরায় শুরু হয়। এরপর স্বাভাবিকভাবেই সমাবেশ সমাপ্ত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মাঝে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, অ্যড. আসলাম মিয়া, অ্যড. কামরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ এখন ভালো নেই। চাল, তেলসহ সব জিনিসের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষ ভাতের জন্য হাহাকার করছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার কোটি টাকার মালিক হয়েছে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা।
সভাপতির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যেটা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা।
এর সমাবেশ উপলক্ষে দুপুর দুইটা থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে শুরু করে। মিছিলে তারা দলের প্রধান খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবির পাশাপাশি সরকারবিরোধী নানা স্লোগান দেয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে এসময় বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।





















