আপনার নম্বরে ২৫ হাজার টাকা গেছে, আরও ২৫ হাজার টাকা ক্যাশ ইন করলে তবেই পাবেন ৫০ হাজার টাকা!

- প্রকাশের সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / 332

জনতার আদালত অনলাইন ॥ আপনার নম্বরে ২৫ হাজার টাকা গেছে। আরও ২৫ হাজার ক্যাশ ইন করলে তবেই পাবেন ৫০ হাজার টাকা। এভাবেই গ্রামের এক সহজ সরল তরুণীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারক চক্র। সোমবার রাতে এ প্রতারক চক্রের অন্যতম সদস্য ইব্রাহীম মন্ডল ওরফে আনোয়ারকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে। ভুক্তভোগী তরুণীর নাম মিষ্টি খাতুন। তিনি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী তরুণী ও বালিয়াকান্দি থানা সূত্র জানায়, বেশ কয়েক দিন আগে ওই তরুণী তার বাড়ির কাছে বাজারের একটি বিকাশ দোকান থেকে টাকা তোলে। ওইদিনই এক ব্যক্তি বিকাশের কর্মকর্তা সেজে ফোন করে তাকে জানায়; এই নম্বরে কমপ্লিন হয়েছে। নম্বরটা ঠিকঠাক করতে হবে। এজন্য কিছু তথ্য প্রয়োজন। একথা বলে তরুণীর কাছ থেকে বিকাশের পিন নম্বর, ওটিপি নম্বর নিয়ে নেয়। দ্বিতীয় বার ফোন করে বলে ওই নম্বরে ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে। আরও ২৫ হাজার টাকা ক্যাশ ইন করলেই পাবেন ৫০ হাজার টাকা। ওই তরুণী দ্রুত বিকাশ দোকানে গিয়ে ২৫ হাজার টাকা ক্যাশ ইন করেন। এরপর আর অ্যকাউন্টে প্রবেশ করতে না পেরে প্রতারকের নম্বরে ফোন দিলে সে জানায়, আরও ২৫ হাজার টাকা ক্যাশ ইন করলে অ্যকাউন্ট খুলবে। দ্বিতীয় দফায় তিনি আরও ২৫ হাজার টাকা ক্যাশ ইন করেন। এরপরও যখন অ্যকাউন্ট খোলেনি তখন তিনি বিকাশ অফিসে যান। বিকাশ অফিস থেকে জানানো হয়; তার সব টাকা একটি নম্বরে চলে গেছে। এরপর ওই তরুণী বালিয়াকান্দি থানায় যান।
বালিয়াকান্দি থানার এসআই মাজহারুল ইসলাম জানান, থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মিষ্টি খাতুন বাদী হয়ে মামলা করেন। সোমবার রাতে চক্রের অন্যতম সদস্য ইব্রাহীম মন্ডল ওরফে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।





















