দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

- প্রকাশের সময় : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / 293

জনতার আদালত অনলাইন ॥ ফেরি স্বল্পতা দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার চরমভাবে ব্যহত হচ্ছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে আসা অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। মঙ্গলবার দুপুর নাগাদ দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিডমিলস পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সোমবার দিনগত রাতে হঠাৎ করে নৌরুটে চলাচলকারী দুইটি ফেরি বিকল হয়ে পড়ে। এতে দৌলতদিয়া ঘাট অভিমুখে পন্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়। তবে মঙ্গলবার সকাল থেকে ফেরি দুটি পুনরায় চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
সরেজমিন বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলস পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে শত শত পন্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি। এছাড়াও আরেকটি লাইনে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস ও কাঁচামাল বাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বাহী ট্রাক গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপর দিকে দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করছে অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।
এদিকে দূর্ভোগ কমাতে যাত্রীবাহি বাস ও পচনশীল পন্যবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় সাধারন পন্যবাহি ট্রাক চালকরা পড়েছেন মহা বিপাকে। এ সকল ট্রাকগুলোকে ফেরি নাগাল পেতে অন্তত ২৫/৩০ ঘন্টা সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে থাকা ট্রাক চালক শফিকুল ইসরাম বলেন, সোমবার দিনগত রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়েছি। কখন ফেরির নাগাল পাব তা জানি না।
অপর ট্রাকের চালক সুজন সেক জানান, ঘাটে প্রতিনিয়তই কোন না কোন দূর্ভোগে পরতে হয়। তবে গত কয়েকদিন ঘাটে কোন প্রকার কোন দূর্ভোগ ছাড়াই পারাপার হচ্ছিলাম। হঠাৎ করেই রাতে দুটি ফেরি নষ্ট হয়ে পড়ায় যানবাহন পারাপারে ধীর গতি তৈরি হয়। সে কারণেই ঘাটে যানবাহনের সারিও বাড়তে থাকে। সকাল থেকে পুনরায় ফেরি দুটি চলাচল শুরু হলেও যানবাহনের চাপ থাকায় দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, গত রাতে হঠাৎ করেই দুটি রোরো (বড়) ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামত জন্য পাঠানো হয়। আর এতে করে যানবাহন পারাপারে ধীরগতির কারণেই দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। মেরামত শেষে সকাল থেকেই ফেরি দুটি যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি যানবাহন পারাপার করছে।





















