পাংশায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পালটা ধাওয়া, বাড়িঘর দোকানপাট ভাংচুর
- প্রকাশের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / 378
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমল আল বাহার ও বিদ্রোহী প্রার্থী আহম্মেদ হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পাশর্^বর্তী পারডেমনামারা ও দেওপাড়া গ্রামের কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। ভাংচুরে ক্ষতিগ্রস্তরা হলেন ফরিদ উদ্দিন, শরিফুল ইসলাম, আনছার আলী, আলী আকবর, জনাব আলী, শাজাহান হোসেন ও হারেজ আলী।
আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আহম্মেদ হোসেন জানান, বহলাডাঙ্গায় তার মিছিলে বিনা উস্কানীতে অতর্কিতে নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে। সেখানে তার নির্বাচনী ক্যাম্পটি ভাংচুর করেছে। এর প্রতিক্রিয়ায় কিছু বাড়ি ঘর ভাংচুর হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহার জানান, রাত নয়টার দিকে তিনি গাড়ি নিয়ে বহলডাঙ্গা দিয়ে যাওয়ার সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তার গাড়ির সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। চালক কৌশলে গাড়ি ঘুরিয়ে মাঠের ভেতর নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। তাকে আক্রমণ করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। ফাঁকা গুলির বিষয়টির কোনো প্রমাণ মেলেনি।

























