বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধান ফটক বন্ধ পেয়ে ক্ষোভ জানালেন বীর মুক্তিযোদ্ধারা

- প্রকাশের সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 270

জনতার আদালত অনলাইন ॥ বীর মুক্তিযোদ্ধা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করতে গিয়ে তালাবদ্ধ পান বীর মুক্তিযোদ্ধারা। দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষার পর তালা ভেঙে ঢুকতে হয় তাদের। এঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করতে যান বীর মুক্তিযোদ্ধারা। ম্যুরালের প্রধান ফটকে তালাবদ্ধ দেখে তারা জেলা প্রশাসনকে অবহিত করেন। কিন্তু প্রশাসন থেকে বলা হয়; চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সমাবেশ করেন। সমাবেশে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম বলেন, বীর মুক্তিযোদ্ধা দিবসে আমরা জাতির জনককে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। এসে দেখি তালাবদ্ধ। জেলা প্রশাসন জানিয়েছে চাবিই নাকি খুঁজে পাওয়া যাচ্ছেনা। এটা খুব দুঃখজনক। এতে করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধীরা এসব দেখে হয়তো হাসছে।
সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষ হওয়ার পর প্রায় এক ঘণ্টা পর জেলা প্রশাসনের একজন কর্মচারী তালা ভেঙে দিলে মুক্তিযোদ্ধারা ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ বলেন, বিষয়টি ওই রকম নয়। একসাথে অনেকগুলি চাবি থাকে। মুক্তিযোদ্ধারা বলার পরপরই তারা ম্যুরালের ফটক খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন।
























