বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নিহত লতিফের স্ত্রী

- প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / 314

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী শেফালী আক্তার। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বানিবহ ইউনিয়নে শুধুমাত্র শেফালী আক্তার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাজন কর্মকর্তা স্বপন কুমার সাহা জানান, ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বানিবহ ইউনিয়নে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেফালী আক্তার। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হলে প্রত্যাহারের সময় সীমা পার হওয়ার পর সবকিছু ঠিক থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হবে।
গত ১১ নভেম্বর তারিখে রাজবাড়ী শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করে। তিনি আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।























