রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার উপরে

- প্রকাশের সময় : ০৮:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / 251

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে গেছে নি¤œাঞ্চল। এতে করে জেলার চারটি উপজেলার পদ্মা তীরবর্তী ৩০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জেলার পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা পদ্মা নদী বিধৌত অঞ্চল। এ চারটি জেলার ১১টি ইউনিয়নের আট হাজার পরিবারের ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। শহরে, হাট, বাজারে তাদের যোগাযোগের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা অথবা কলাগাছের ভেলা। উপদ্রুত এলাকায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। অনেকের বসতঘরে পানি উঠে গেছে। পানিবন্দী এসব মানুষ ঘরের মধ্যে ইট অথবা কাঠ দিয়ে উঁচু মাচা করে রান্নার কাজ করছে। ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি আট সে.মি বেড়ে এখন বিপৎসীমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দুই পয়েন্টেও পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে। পানি আরও দুদিন বাড়ার আভাস পাওয়া গেছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সাত হাজার ৫১৫টি পরিবার পানিবন্দী পরিবারের তালিকা করা হয়। পানি বাড়তে থাকায় এর সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যে উপদ্রুত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে সাহায্য হিসেবে চাল ও নগদ টাকা পাঠানো হয়েছে। তারা যথাসময়ে সেগুলো বিতরণ করবেন। যেহেতু পানি বেড়েছে সেহেতু পানিবন্দী মানুষের সংখ্যাও বেড়েছে। নতুন করে যারা পানিবন্দী হবে তাদের কাছেও ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হবে। কেউ ত্রাণের আওতার বাইরে থাকবে না। সবাই সাহায্য পাবে বলে আশ^স্ত করেন তিনি।























