রাজবাড়ীতে আবারও সেতুর পিলারে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

- প্রকাশের সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 456

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় আবারও নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম রাশেদ ও আবুল হোসেনের ছেলে মুক্তার। তারা রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল বলে জানা গেছে। মাত্র একদিনের ব্যবধানে একই রকম দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।
গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি সম্প্রসারণ করা হয়েছে। এই মহাসড়কে অনেকগুলো ছোট বড় সেতু রয়েছে। এসব সেতু ভেঙে সম্প্রসারণ করার কাজ চলছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যে ওই দুই মোটরসাইকেল আরোহী কলেজমোড় এলাকায় নির্মাণাধীন সেতুর পিলারে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাস্থলের অদূরে কালুখালী উপজেলার বোয়ালিয়ায় একইভাবে সেতুর পিলারে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিল। নিহত ওই দুজনের বাড়ি নীলফামারী জেলায়। আরোহীদের আরও সতর্ক হয়ে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেন তিনি। বিশেষ করে রাস্তা সম্পর্কে ধারণা নেই এমন চালকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।
রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সেতুগুলো নির্মাণের সময়সীমা ২০২২ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করি। নির্মাণাধীন সেতুর দুপাশে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো রয়েছে। রাস্তা ভালো হওয়ায় আরোহীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সেতুর কাছে আসার পর নিয়ন্ত্রণ করতে না পারায় এ ধরণের দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তিনিও চালকদের সতর্ক হয়ে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেন।























