ফরিদপুরে গণটিকা কার্যক্রম শুরু
- প্রকাশের সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / 209
রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন েফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার । ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী পুরুষেরা টিকা দিতে কেন্দ্রে আসেন। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম দফায় ৭ হাজার দুইশত ব্যক্তিকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিক্তিতে করোনার এ টিকা দেওয়া হচ্ছে।
যারা ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরও এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে ২৫ বছরের উর্ধ্বে নারী পুরুষ সবাই টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় রয়েছে চোখে পড়ার মতো। অনেকেই জানিয়েছেন, টিকা নিতে তাদের কোন অসুবিধা হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী বিনামূল্যে এই গণটিকা কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর এক সময়োপযোগী মানবিক পদক্ষেপ। আজ একদিনেই আমরা ১২ টি ইউনিয়নের ৭২০০ মানুষকে এই টিকা প্রদান করতে সক্ষম হয়েছি। টিকা প্রদানে আমরা প্রধান্য দিয়েছি বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ বিদ্যমান এবং আমরা আশাবাদী সকলের সম্মিলিত প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী কার্যক্রমকে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় ১ হাজার ৮শত জনকে এবং জেলার ৯টি উপজেলার ৭৯টি ইউনিয়নে ৬শ করে মোট ৪৭ হাজার ৪শ জনকে এ টিকা দেওয়া হবে। পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে মোট প্রায় ৫০ হাজার মানুষকে এ গণটিকা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন ফরিদপুর সদর এর পক্ষ থেকে ইউএনও মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান (বুলু), কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব ভবেস কুমার বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, স্বেচ্ছাসেবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।























