ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 8

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈমুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) ও মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
























