পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভাতশালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার খোকসা থানার ঈশ্বরদী গ্রামের বাবলু ওরফে বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (৩২) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার ভাতশালা গ্রামের ময়েন উদ্দিন খানের ছেলে মো. ইকবাল খান (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবেদ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাতশালা এলাকার মমিন মল্লিকের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক মো. আবেদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাংশা থানায় মামলা করেছেন। মামলাটির নম্বর ১৪ এবং তারিখ ২৫ নভেম্বর ২০২৬। এর জিআর নম্বর ২৩৪/২৬।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দুই আসামিকে পুলিশি পাহারায় আদালতে পাঠান।






















