রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু

- প্রকাশের সময় : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 16

রাজবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলার সরকারি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজবাড়ী সদর সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল এবং সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) রেজাউল হোসাইন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উদ্বোধনকালে ইউএনও মো. ফয়জুর রহমান বলেন, কৃষকেরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে জন্য সরকার সরাসরি তাঁদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। সরকার নির্ধারিত মান অনুযায়ী আর্দ্রতাযুক্ত শুকনো ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে খাদ্য বিভাগের মাধ্যমে সরকারের কাছে বিক্রি করতে পারবেন কৃষকেরা। এতে তাঁরা উপকৃত হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের কৃষি অফিস থেকে সনদ নিতে হবে। যেকোনো সময় কৃষকেরা অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।





















