চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

- প্রকাশের সময় : ১২:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1

ভারতের রাজস্থানের কোটায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির তীর্থযাত্রীবাহী গাড়ির ধাক্কায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) ভোরে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শম্ভুপুরা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তাঁরা রাজস্থানের সিকর জেলার খাতু শ্যামজি মন্দিরে পূজা দিয়ে ফিরছিলেন।
ক্রুজার গাড়িটিতে মহারাষ্ট্রের ধুলে জেলার একটি পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘ পথ ভ্রমণের সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ট্রাকচালক হারুন জানান, গাড়ির ত্রুটি পরীক্ষা করার জন্য তিনি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়েছিলেন। এ সময় তিনি ট্রাক থেকে কিছুটা দূরে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ক্রুজারটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন।
তিনি আরও জানান, প্রায় ১০ মিনিট পর তাঁর জ্ঞান ফিরলে নিজেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। দুর্ঘটনায় তাঁর হাঁটু ও মাথায় আঘাত লেগেছে।
আহতদের উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই গাড়ির চালকও রয়েছেন।
নিহতদের মধ্যে উষা (৬০), সুশীলা (৬৫), কৈলাস (৪৫), জানভি (৬), সজ্জন (৬০), অনিতা, বাবুলাল (৬০), জানভি (১৩) ও মাধবী (৪৫) রয়েছেন।
























