সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

- প্রকাশের সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 8

বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অর্থায়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।






















