ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

- প্রকাশের সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 7

বাহরাইনে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় শিল্প স্থাপনাটির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি মন্ত্রণালয়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করার দাবিও করেছে তারা।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর এ অভিযান পরিচালনা করা হয়। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ এবং হরমুজ প্রণালির হাঙ্গাম দ্বীপে একটি ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বাহরাইন নিউজের বরাত দিয়ে ইরনা দাবি করেছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছিল।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি একাধিকবার হামলার শিকার হয়েছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে সর্বশেষ হামলাটি হয়েছিল গত ১৭ নভেম্বর।
ইরানের হামলার প্রতিক্রিয়া
সর্বশেষ হামলার পর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানকে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে যেন দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, স্থাপনা এবং সেখানে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় জোটের সদস্যদেশগুলো ঐক্যবদ্ধ।
বাহরাইন এ হামলা মোকাবিলায় যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আলজাজিরা
























