মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 9

নওগাঁর মহাদেবপুরে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আখতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত নেতার কনিষ্ঠ পুত্র রেজওয়ান আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. ইফতেখারুল আলম ইপু।
স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাবলু, উপজেলা বিএনপির সদস্য ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, যুবদল নেতা আবদুস সোবহান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান লোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল ইসলাম এবং বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শিবলী নোমানি চৌধুরীসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে পারিবারিকভাবে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার একমাত্র কন্যা ব্যারিস্টার ফারিয়া সিদ্দিকী শ্যালেন, ছোট বোন সাবেক রাষ্ট্রদূত রেজিনা সুলতানা এবং কনিষ্ঠ পুত্রবধূ নাহিদ বিনতে মুরাদ। এ ছাড়া মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, জ্যেষ্ঠ সাংবাদিক বরুণ মজুমদার, মহাদেবপুর-বদলগাছী আসনের ১৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দেন।
স্মরণসভায় বক্তারা মরহুম আখতার হামিদ সিদ্দিকীর রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন আখতার হামিদ সিদ্দিকী নান্নু। তিনি ১৯৯১ সালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরপর চারবার এ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয়দের মতে, তাঁর দায়িত্ব পালনকালে মহাদেবপুর ও বদলগাছী এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। এ কারণে এলাকার অনেকেই তাঁকে উন্নয়নের অন্যতম রূপকার হিসেবে স্মরণ করেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০০৯ সালের ২১ মার্চ তাঁকে মহাদেবপুরের নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন।
২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে মহাদেবপুর-বদলগাছী এলাকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। আজও এলাকার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন।























