কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

- প্রকাশের সময় : ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 2

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে সেখান থেকে চলে যায়। পরে আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের এক নেতা ও সাবেক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
তবে বিএনপি নেতাদের করা এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।























