মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে অসম্মানের কিছু দেখছে না সরকার

- প্রকাশের সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 34

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে অসম্মানের কোনো ইঙ্গিত দেখছে না সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মনে করেন, এটি ইচ্ছাকৃত কোনো অসম্মান প্রদর্শনের ঘটনা নয়; বরং বসার জায়গার কিছুটা অস্বস্তিকর ব্যবস্থার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।
রবিবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কপ-৩১ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের ফলাফল তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ছিল উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ডকে আমি ব্যক্তিগতভাবে চিনি। গত দুই সপ্তাহে তাঁর সঙ্গে দুবার দেখা হয়েছে—একবার কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে, আরেকবার তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিকতা ও শ্রদ্ধা দেখিয়েছেন এবং তাঁকে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
হুমায়ুন কবির আরও জানান, এড মিলিব্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, রূপান্তরমূলক নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
বৈঠকে এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিলিব্যান্ড নতুন দায়িত্বে তুলনামূলকভাবে নবীন। বসার ব্যবস্থার কারণে হয়তো তাঁকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় থাকতে হয়েছিল। তিনি বলেন, অসম্মানের ইঙ্গিত দেয়, এমন কিছু আমি দেখিনি; বরং আন্তরিকতাই দেখেছি। এ ধরনের অপ্রয়োজনীয় আলোচনা বৈঠকের আরও অর্থবহ ও ইতিবাচক দিকগুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিচ্ছে।
এ সময় ঐতিহাসিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোও শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন।
উল্লেখ্য, আনতালিয়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার ওই দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু কার্যক্রম, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও জোরালো কূটনৈতিক সমর্থন চান প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এড মিলিব্যান্ড গত ২০ জুলাই যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৬ সালের ২০ জুলাই পর্যন্ত দেশটির জ্বালানি নিরাপত্তা ও নেট জিরোবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























