‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা

- প্রকাশের সময় : ০১:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 3

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। অভিষেকের দিনেই এই প্রযুক্তির দুটি সিদ্ধান্ত গেছে ভারতের বিপক্ষে। তবে তা নিয়ে কোনো ক্ষোভ নেই দলটির কোচ নওশাদ মুসার। বরং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিএআর নিয়ে প্রশ্ন শুনে রসিকতায় মাতলেন তিনি। হাসতে হাসতেই বলে দিলেন, ‘ভিএআরকে ঘৃণা করি!’
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়া দলটি দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ চাপে পড়েছিল। একটি গোল শোধ দেওয়ার পর ভুটান সমতায় ফেরারও সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে নয়বারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হয়েছে ভিএআরের। প্রথম দিনেই একটি গোল ও একটি পেনাল্টি-সংক্রান্ত সিদ্ধান্ত গেছে ভারতের বিপক্ষে, যার সুবিধা পেয়েছে ভুটান। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠে।
ভিএআরের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন হলো, এমন প্রশ্নে নওশাদ মজার ছলেই বলেন, ‘জানি না, কেন যেন ভালো লাগেনি। একটা গোল আর একটা পেনাল্টি! তাই ভিএআরকে আমি ঘৃণা করি।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
তার কথায় অবশ্য অসন্তোষের চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। পরক্ষণেই ভিএআরের ইতিবাচক দিক তুলে ধরে ভারতীয় কোচ বলেন, ‘ভালোই, ভালোই হয়েছে। হয়তো পরের ম্যাচে এটা আমার জন্য সুবিধা বয়ে আনবে। অন্তত সেটাই আশা করছি।’
অন্যদিকে ভিএআরের প্রথম দিনের অভিজ্ঞতায় বেশ খুশি ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপ্স। তার দল যে প্রযুক্তিটির সুবিধা পেয়েছে, সেটিও অকপটে স্বীকার করেছেন তিনি, ‘আগের রাউন্ডগুলোতে ভিএআর ছিল না, এটা দুর্ভাগ্যজনক। কেন ছিল না, জানি না। তবে আজ রাতে ভিএআর থাকায় আমরা ভাগ্যবান। কারণ, এর সুবিধা পেয়েছি। এটাই ফুটবল, এটাই ভবিষ্যৎ।’
সিদ্ধান্ত বিপক্ষে গেলে নিজের প্রতিক্রিয়াও যে ভিন্ন হতে পারত, সেটিও লুকাননি ভুটান কোচ, ‘আমরা যদি কোনো গোল করতাম এবং ভিএআরের মাধ্যমে সেটি বাতিল হয়ে যেত, তাহলে নিশ্চয়ই আমি খুশি হতাম না। তবে আজ রাতে ভিএআর থাকায় আমি খুবই খুশি। সঠিক সিদ্ধান্তগুলোই নেওয়া হয়েছে।’



















