বদলগাছীতে ভি-ডব্লিউবির ১,৯০০ কেজি চাল জব্দ, বঞ্চিত ৬৬ নারী

- প্রকাশের সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 15

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দ ভি-ডব্লিউবি (VWB) প্রকল্পের ১ হাজার ৯০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তালিকাভুক্ত ৬৬ জন হতদরিদ্র নারী চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র সরকারি চাল বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত।
জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের সহায়তার জন্য ভি-ডব্লিউবি প্রকল্পের মাধ্যমে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র নিয়মবহির্ভূতভাবে এসব চাল সরিয়ে আত্মসাৎ কিংবা কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চালগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, একটি চক্রের অনিয়মের কারণে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

























