শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা আটক
- প্রকাশের সময় : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 11
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাব্বি হোসেনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাব্বি হোসেন সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘রাব্বির ফেসবুক পোস্টে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। তার ফোনে আরও এ ধরনের বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘রাব্বি আমাদের থানায় আটক রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি অন্য কোনো অপরাধে যুক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে সোমবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানায়। বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়।
বহিষ্কারের পর নিজের ফেসবুক পোস্টে রাব্বি হোসেন দাবি করেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলা তার পক্ষ থেকে ব্যঙ্গাত্মকভাবে করা হয়েছিল। তিনি ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নেওয়া এবং আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকার দাবিও করেন।
জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, রাব্বির ওই শুভেচ্ছাবার্তাকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী মনে হওয়ায় কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাব্বির ওই পোস্ট খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

























