নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব
- প্রকাশের সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 8
প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আকবরকে দলে নেওয়ার প্রক্রিয়াটি বেশ অভিনব উপায়ে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে তারা এই সাইনিংয়ের বার্তা দেয়।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন আকবর। ফাইনালে চাপের মুখে তার দায়িত্বশীল ব্যাটিং দলকে এনে দিয়েছিল ট্রফি।
টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান সংগ্রহ করা এই ক্রিকেটার এবারই প্রথম বিদেশের লিগে নিজের নাম লেখাতে যাচ্ছেন।
এবারের নেপাল প্রিমিয়ার লিগে আকবরের পাশাপাশি মাঠ মাতাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
আটটি দল নিয়ে আগামী ১৭ নভেম্বর মাঠে গড়াবে এনপিএলের তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের বাকি দলগুলো হলো, বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স ও সুদূর পশ্চিম রয়্যালস।























