দক্ষিণ আফ্রিকায় হঠাৎ সবাই ‘মোস্তাফিজ’

- প্রকাশের সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 4

- দক্ষিণ আফ্রিকায় পেসারদের অনুশীলনে গতি আর বাউন্সের চেয়ে কাটার নিয়ে বেশি আলোচনা হবে, এমনটা হয়তো অনেকেই ভাববেন না।
- কাটারের ওপর মুস্তাফিজুর রহমানের নির্ভরতা কিংবা এই অস্ত্রে বাঁহাতি পেসারের দক্ষতার কথা ক্রিকেটবিশ্বের অজানা নয়।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দক্ষিণ আফ্রিকায় পেসারদের অনুশীলনে গতি আর বাউন্সের চেয়ে কাটার নিয়ে বেশি আলোচনা হবে, এমনটা হয়তো অনেকেই ভাববেন না। অথচ ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বাংলাদেশের অনুশীলনে দেখা গেল তেমন কিছুরই আভাস। নেটের উইকেটে বল এতটাই গ্রিপ করছিল যে পেসারদের প্রায় সবার কাটারই ধরছিল। যা দেখে মজা করে তাসকিন আহমেদ বলছিলেন, ‘আমরা সবাই মোস্তাফিজ।’
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
কাটারের ওপর মুস্তাফিজুর রহমানের নির্ভরতা কিংবা এই অস্ত্রে বাঁহাতি পেসারের দক্ষতার কথা ক্রিকেটবিশ্বের অজানা নয়। তবে দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় বাংলাদেশের অন্য পেসাররাও যদি এই অস্ত্র ব্যবহারের সুযোগ পান, সেটি স্বাভাবিকভাবেই বোলিং পরিকল্পনায় ভিন্ন মাত্রা যোগ করতে পারে। যদিও অনুশীলনের অভিজ্ঞতা দিয়ে এখনই ম্যাচের উইকেটের চরিত্র অনুমান করতে চান না তাসকিন।
আগামী মঙ্গলবার ইস্ট লন্ডনে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে আজ অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেদের ‘মোস্তাফিজ’ বলার কারণ ব্যাখ্যা করলেন তাসকিন, ‘আজকে আমরা যেখানে নেট করছিলাম, এখানে বল একটু গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। তাই আরকি বলছিলাম (আমরা সবাই মুস্তাফিজ)। মাঠে এমন নাও হতে পারে। মাঠ যদি স্লো হয়, তাহলে সেটা অনুযায়ী বোলিং করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার উইকেট নিয়ে যে প্রচলিত ধারণা, এবারের ওয়ানডে সিরিজে তার সঙ্গে বাস্তবতার কিছুটা অমিলও থাকতে পারে বলে মনে করেন তাসকিন। এর কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকায় গ্রীষ্মের আগমনের কথা বললেন বাংলাদেশের এই পেসার, ‘আমরা সব সময় শুনে থাকি, দক্ষিণ আফ্রিকায় একটু সিম বা মুভমেন্টওয়ালা উইকেট হবে। কিন্তু এখন যেহেতু গ্রীষ্ম আসছে, এ জন্যই উইকেট ফ্ল্যাট হচ্ছে বা উইকেট কিছুটা ধরছে। পরশুদিন মাঠে নামার পরই বোঝা যাবে উইকেটের ব্যবহারটা কেমন।’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
এমনিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেসারদের ওয়ানডে খেলার অভিজ্ঞতা বেশ সুখকর। চার বছর আগে এই দক্ষিণ আফ্রিকাতেই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাসকিন। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন ডানহাতি এই পেসার। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তার ৫ উইকেটেই বড় জয়ের পথ তৈরি হয়েছিল বাংলাদেশের।
এবার অবশ্য ভিন্ন এক পরিস্থিতিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সামনে। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার আবার শারজাহ ও দেশে প্রস্তুতি নিয়ে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তাদের জন্যও এখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে।
তাসকিন অবশ্য বাড়তি চাপ নেওয়ার পক্ষে নন। পরিস্থিতি বুঝে পরিকল্পনা সাজানো এবং মাঠে সেটির সঠিক বাস্তবায়নেই গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘যদিও দেশ আর এখানে একটু ভিন্ন কন্ডিশন, সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। আসলে বাড়তি প্রেশার নিলে তো আর এক্সিকিউশন ভালো হয়ে যাবে, এমন কিছু না। মাঠে ওই গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেসগুলো ঠিক রেখে কীভাবে জেতা যায়, ওইভাবে সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’






















