মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল

- প্রকাশের সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 9

- বাংলাদেশের ফুটবলে কত গল্প।
- বাহাত্তরের ১৭ আগস্ট তাঁর জীবনে বিয়ের ঢাকে কাঠি পড়ল, দিনটি আজীবন মনে রাখার জন্য এমনিতেই যথেষ্ট।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বাংলাদেশের ফুটবলে কত গল্প! সোনালি দিনগুলোর সেই আনন্দ-বেদনার গল্পগুলো আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো অজানা। এ দেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের তেমনই সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। সেখান থেকেই কিছু গল্প নিয়ে এই ধারাবাহিক আয়োজন। আজ পড়ুন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মোহামেডানের সাদা-কালো জার্সির মহাতারকা এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের খেলোয়াড়ি জীবনের গল্প।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
বাহাত্তরের ১৭ আগস্ট তাঁর জীবনে বিয়ের ঢাকে কাঠি পড়ল, দিনটি আজীবন মনে রাখার জন্য এমনিতেই যথেষ্ট। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখলেন…।কী দেখলেন, তা বলার আগে জানানো যাক পাত্রী সুনামগঞ্জের দিলারা হাফিজ। ইডেন কলেজের নবীন প্রভাষক। পারিবারিক বিয়ে। পাত্রীর ভাই মেজর ইকবাল জেনারেল এরশাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রখ্যাত ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বর্তমানে জাতীয় সংসদের স্পিকার) সেনাবাহিনীর একজন। অন্য সেনা অফিসাররা এই বিয়ে ঠিক করলেন। বিয়ে যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তখনো হাফিজের কাছে মনে হতো না। প্রেম-ট্রেম করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ক্লাসের আট মেয়ের কারও সঙ্গে সেভাবে নাকি কথাও বলতেন না। তাঁর নেশা খেলাধুলা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসে প্রবল ঝোঁক।তবু বিয়ে করার জন্যই করা, তখন এমনই ভাবতেন। আরেকটি ব্যাপার ছিল, যেটি তাঁর নিজের ভাষায়, ‘হাস্যকর’। তখন ক্যান্টনমেন্টে অনেক বাড়িঘর খালি। বিয়ে করলে সবাই একটা করে বাড়ি পাওয়া, মানে থাকার সুব্যবস্থা। এই ভাবনাও বিয়ের দিকে কিঞ্চিৎ অনুপ্রাণিত করেছিল তাঁকে।
সেবার তাঁর দল মোহামেডান আলো ছড়াতে পারেনি ঢাকার ফুটবলে। তবে হাফিজ ভালো খেলছিলেন। বিয়ের আগের ম্যাচে তাঁর গোলেই জিতল মোহামেডান। ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান দৈনিক বাংলায় ম্যাচ রিপোর্ট লিখলেন। ‘হাফিজের গোলে মোহামেডানের জয়’। হাফিজের প্রশংসা করে রিপোর্টের শেষে জুড়ে দিলেন, ‘আগামী বৃহস্পতিবার ক্যাপ্টেন হাফিজের বিয়ে। এই গোলের মাধ্যমে বিয়েটাকে তিনি স্মরণীয় করে রাখলেন।’
বনানীর বাসায় বসে হাফিজের কণ্ঠে তাই শিহরণ, ‘আমার বন্ধু কামরুজ্জামানের সেই রিপোর্ট ছিল একেবারেই নির্দোষ। কিন্তু সেই রিপোর্টটির প্রতিক্রিয়ায় বিয়ের আসরে অন্য দৃশ্য। বৃহস্পতিবার সেনানিবাস থেকে আমরা বরযাত্রী রওনা হলাম। সেনাবাহিনী প্রধান এম এ জি ওসমানী, কে এম সফিউল্লাহ, জিয়াউর রহমান ও খালেদা জিয়া, খালেদ মোশাররফসহ সেনানিবাসের প্রায় সব অফিসারই।’ সেনাবাহিনীর আকার তখন বেশ ছোট। সদ্য স্বাধীন দেশ, সেনা অফিসাররা একে অন্যের প্রতি বেশ আন্তরিক। একসঙ্গে ৯ মাস যুদ্ধ করেছেন পথে-প্রান্তরে।
ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন
পূর্বাণী হোটেলে বরযাত্রীরা গিয়ে দেখলেন, বিয়ের মধ্যে অচেনা কিছু লোক। বরপক্ষ চেনে না, কনেপক্ষও নয়। কেউ একজন এসে বললেন, ‘আরে, এরা তো মোহামেডানের সাপোর্টার।’ ওই যে পত্রিকায় পড়েছে ক্যাপ্টেন হাফিজের বিয়ে! ওই সমর্থকেরা বললেন, ‘ক্যাপ্টেন সাহেব আমাদের হয়তো দাওয়াত দিতে পারেননি; কিন্তু তাঁর বিয়েতে আমরা থাকব না, এটা কী করে হয়। তিনি তো আমাদের প্রিয় খেলোয়াড়।’
সেই গল্প বলতে বলতে হাসেন হাফিজ, ‘ওই সাপোর্টারদের জন্য আমার আমন্ত্রিত ভিআইপি অতিথিদের কেউ কেউ খাবার পায়নি। পরে তাদের জন্য তাৎক্ষণিকভাবে ভাত-ডালের ব্যবস্থা করতে হয়েছে।’সে সময় দল বেঁধেই সেনা অফিসাররা বিয়ে খেতে যেতেন নিমন্ত্রণের জন্য অপেক্ষা না করেই। মুক্তিযোদ্ধা সেনা অফিসাররা একে একে বিয়ের পিঁড়িতে বসা শুরু করেন স্বাধীনতার পরপর। সেনানিবাসের শহীদ আজিজ পল্লিতে থাকতেন তাঁরা। আনন্দময় সময়ই কাটত সবার।
বাবা বরিশালে ডাক্তারি প্র্যাকটিস করেন। ডা. আজহার উদ্দিন আহমদ ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের উপনেতা। সংসদ সদস্য হয়েছেন তিনবার, সত্তরেও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বরিশালে স্থায়ীভাবে থাকতেন বলে সেখানেই ছেলের বউভাতের আয়োজন।নবপরিণীতাকে নিয়ে সদরঘাট থেকে লঞ্চে বরিশালে যাবেন হাফিজ। তাঁর একটা পুরোনো ইসুজু গাড়ি ছিল, সদরঘাটে যেতে সেটিতে উঠলেন। সাধারণ পোশাকে আর্মির ড্রাইভার। সামনে শ্যালিকা, পেছনে হাফিজ ও মিসেস হাফিজ। নবাবপুর যাওয়ার পর হঠাৎ একটা রিকশা ডান দিকে বাঁক নেওয়ায় হাফিজের গাড়ির সঙ্গে একটু লেগে গেল।






















