‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার

- প্রকাশের সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 7

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি সামলানোর বিষয়টিকে ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন ডেভিড ওয়ার্নার। এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তীব্র সমালোচনা করেছেন সাবেক এই ওপেনার।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
কেপটাউনের ‘স্যান্ডপেপারগেট’ ঘটনায় জড়িত থাকার দায়ে এক বছর নিষিদ্ধ হওয়া সাবেক এই ওপেনার দাবি করেছেন, ওই ঘটনায় ‘দায়সারা তদন্ত’ করা হয়েছিল।
শনিবার ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন, ‘আমার জানা মতে, ২০১৮ সালের তদন্তে সিএ জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক বা নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি।’
‘যদি এটি সত্যি হয়, তবে সিএ কীভাবে এই ধারণা প্রচার করে যে বোলাররা কিছুই জানতেন না? দেখে মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের ওপর দোষ চাপাবে। সেই উদ্দেশ্য হাসিল করতেই তারা একটি দায়সারা তদন্ত চালিয়েছিল এবং এখন বোলাররা কিছুই জানতেন না—এমন মিথ্যা বয়ান ধরে রাখতে চাইছে। এর পেছনে বিষয়টি ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
চলতি সপ্তাহে উসমান খাজা তার আত্মজীবনী প্রকাশ করার পর কেপটাউনের তৃতীয় টেস্টে ঘটে যাওয়া সেই ঘটনার পুরনো ক্ষত আবারও সামনে চলে আসে। বইটিতে খাজা অভিযোগ করেছেন, বলে সুইং করানোর উদ্দেশ্যে শিরিষ কাগজ (স্যান্ডপেপার) দিয়ে বল ঘষার পরিকল্পনার কথা পুরো দলই জানত।
২০২১ সালে এক যৌথ বিবৃতিতে স্টার্ক, হ্যাজলউড, লায়ন এবং প্যাট কামিন্স প্রকাশ্যে দাবি করেছিলেন, ওই পরিকল্পনার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
শুক্রবার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স এক দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার সাম্প্রতিক দাবিগুলোকে ‘শতভাগ ভুল’ বলে উড়িয়ে দেন। এর জবাবে ওয়ার্নার অভিযোগ করেন, কামিন্স তার ঘনিষ্ঠ বন্ধু খাজাকে ‘বিপদের মুখে ঠেলে দিয়েছেন’।



















