দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়

- প্রকাশের সময় : ১১:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 15

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু, বৃষ্টিমুখর সন্ধ্যায় বিদায়। ১০ দিনের চলচ্চিত্রযাত্রা শেষে ৪ নভেম্বর পর্দা নামল ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। হিবিয়া, মারুনৌচি, ইউরাকুচো, গিনজাসহ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে ২০৪টি চলচ্চিত্র। সমাপনী সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইউরাকুচোর হিউলিক হলে জড়ো হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও অতিথিরা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার।উৎসবের সর্বোচ্চ সম্মান টোকিও গ্রাঁ প্রি—দ্য গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড জিতেছে উত্তর মেসিডোনিয়ার নির্মাতা মিলচো মানচেভস্কির ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’। অন্য পুরস্কারগুলোতেও উঠে এসেছে বৈচিত্র্যময় গল্প ও নির্মাণশৈলী। কোথাও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, কোথাও ইতিহাস ও কল্পনার মেলবন্ধন, কোথাও অপূর্ণ স্বপ্নের কথা। সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নির্মাতা, অভিনয়শিল্পী ও বিচারকদের কথায় উঠে আসে এসব চলচ্চিত্রের নেপথ্যের গল্প।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
ভাই–বোনের সংগ্রামের গল্পে সর্বোচ্চ পুরস্কার ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’-এর কেন্দ্রে দরিদ্র দুই ভাই–বোন মালিনা ও ভিক্টর। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে ম্যানহোলের ঢাকনা ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি করে তাদের দিন চলে। একদিন জাতীয় বীরের ভারী মূর্তি ভিক্টরের পায়ে পড়ে গুরুতর আঘাত লাগে। ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে আরও কঠিন হয়ে ওঠে মালিনার জীবনসংগ্রাম। দুই ভাই–বোনের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসে সামাজিক অবহেলা, দারিদ্র্য ও সম্পদের বৈষম্য। উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, আলবেনিয়া, ইতালি ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হাস্যরস, ট্র্যাজেডি ও নাটকীয়তার মেলবন্ধন বিচারকদের মন জয় করেছে।
পরিচালক মিলচো মানচেভস্কি জানান, বাড়ির কাছের পার্ক থেকে জাতীয় বীরদের মূর্তি উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকেই গল্পের ভাবনা আসে। পরে সেসব মূর্তির প্রতিরূপও হারিয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন, ভাঙারির দোকানে প্রতি কিলোগ্রাম ব্রোঞ্জের দাম মাত্র তিন ইউরো। তখনই ঘটনাটি চোরদের দৃষ্টিকোণ থেকে দেখার কথা ভাবেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কঠিন বাস্তবতার গল্পে হাস্যরস ও দ্বন্দ্ব ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীরা কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন।মালিনা চরিত্রের অভিনেত্রী সারা ক্লিমোস্কা জানান, ফিলিপ ট্রাইকোভিচের সঙ্গে চলচ্চিত্র ও মঞ্চে কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল তাঁর। ছবিটির জন্য তিন সপ্তাহ মহড়া করেছেন তাঁরা। বিশেষ গুরুত্ব দিয়েছেন কমেডির দৃশ্যগুলোতে।ট্রাইকোভিচ বলেন, সহশিল্পীর অভিনয়ে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়াই বিশ্বাসযোগ্য জুটি তৈরির ভিত্তি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চরিত্রগুলোর আনন্দ ধরে রাখার চেষ্টা করেছেন তাঁরা।পরিচালকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রযোজক ইয়ানে কর্তোশেভ। মঞ্চে রসিকতা করে বলেন, ‘আমরা টোকিওতে এসেছিলাম একটি ম্যানহোলের ঢাকনা নিয়ে, আর মেসিডোনিয়ায় ফিরছি এই সুন্দর পুরস্কার নিয়ে। আমার তো মনে হয়, বেশ ভালো বিনিময়ই হলো।’
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
পুরস্কারে বৈচিত্র্যময় চলচ্চিত্রভাষাবিশেষ জুরি পুরস্কার পেয়েছে সুন শুনের সিঙ্গাপুরি চলচ্চিত্র ‘ম্যাজিক অ্যাটলাস’। উডকাট অ্যানিমেশনের মাধ্যমে বাস্তব ও কল্পনা, ইতিহাস ও পুরাণের মেলবন্ধন ঘটিয়েছেন নির্মাতা। প্রায় এক দশকের পরিশ্রমের স্বীকৃতি মিলেছে এই পুরস্কারে।‘ডাবল ফ্রিডম’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লিসান্দ্রো আলোনসো। তাঁর সংযত নির্মাণশৈলী এবং সময়ের প্রবাহকে চলচ্চিত্রে তুলে ধরার দক্ষতার প্রশংসা করেছেন বিচারকেরা।সেরা অভিনেতা হয়েছেন ‘টু সিগারেটস, থ্রি নাইটস’-এর নারিতা রিয়ো। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক মিশিমা ইউকিকো। অন্যদিকে ‘দ্য নাইট দ্যাট বাইন্ডস আস’-এ এক মধ্যবয়সী নারীর অসম প্রেমের গল্পে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চীনা অভিনেত্রী হু লিং।সেরা শিল্পগত অবদানের পুরস্কার পেয়েছে ইয়েলেনা ম্যাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’-এর চিত্রগ্রহণ। সার্বিয়ার একই সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা, কিন্তু ভিন্ন সুযোগ পাওয়া দুই তরুণ-তরুণীর সম্পর্ক নিয়ে ছবিটি। নির্মাতার ভাষায়, প্রতিবাদ এই চলচ্চিত্রের মূল বিষয় নয়, বরং গল্পের প্রেক্ষাপট।দর্শক পুরস্কার পেয়েছে তেওদোরা আনা মিহাইয়ের ‘হেইসেল ৮৫’। ফুটবল স্টেডিয়ামের এক হৃদয়বিদারক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
প্রথম পুরস্কার, অপূর্ণ স্বপ্নের গল্পএশিয়ান ফিউচার বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে সুইজারল্যান্ড ও তুরস্কের যৌথ প্রযোজনা ‘শেরিফে তাভসান’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফগান পরিচালক তারেক দাউদ বলেন, ‘জীবনে এই প্রথম কোনো পুরস্কার পেলাম।’সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, তুর্কি সহলেখকের সঙ্গে ছবিটির গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের দাদি-নানিদের জীবন থেকে। সীমিত সুযোগের মধ্যেও পরিবারের জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা। অথচ নিজেদের অনেক স্বপ্নই অপূর্ণ থেকে গেছে। সেই প্রাপ্তি ও আক্ষেপের অভিজ্ঞতাকে সর্বজনীন গল্পে রূপ দিতে চেয়েছেন নির্মাতারা।
এবার নতুন চালু হওয়া ‘নিপ্পন সিনেমা নাউ’ বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে তানাকা মিকির ‘সিলভার এক্সপ্রেস’। জার্মানি ও ইউক্রেনের যৌথ প্রযোজনা ‘আই রেয়ারলি ওয়েক আপ ড্রিমিং’ পেয়েছে টিএফ এথিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড। কুরোসাওয়া আকিরা পুরস্কারে সম্মানিত হয়েছেন ও মিপো ও মোহাম্মদ রাসুলোফ।এবার টোকিও উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নেয় বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দর্শকদের আগ্রহ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো পুরস্কার জেতেনি।























