আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

- প্রকাশের সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 79

সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৬৯ রানেই থামে আমিরাতের ইনিংস।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাবেয়া খান ১৪ রানে ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন। চলতি আসরে তিন ম্যাচে মারুফার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই বিপাকে পড়ে আমিরাত। পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করে তারা, যা এবারের টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন। একপর্যায়ে ৩৮ রানেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬৯ রানে থামে তাদের ইনিংস।
এর আগে বাংলাদেশের ব্যাটিংও ছিল হতাশাজনক। ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটি গড়ে দলকে শতরানের গণ্ডি পার করেন। সুপ্তা ৩৮ রান করেন। নাহিদা অপরাজিত থাকেন ১৬ রানে, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস।
তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।





















