কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
- প্রকাশের সময় : ০৩:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 75
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা স্বাভাবিক রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু আত্মগোপনে চলে যান। এরপর ইউপি সদস্য মদন কুমার প্রামাণিক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের তদন্তে ক্ষমতার অপব্যবহার ও চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়। একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
প্যানেল চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর মদাপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এতে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালু ও নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সকালে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বিএনপি নেতা শাহজাহান আলী মাস্টার ও জিয়াউর রহমান জিয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল কবির কুন্নু ও আলমগীর হোসেন, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, সাধারণ সম্পাদক সোহান মোল্লাসহ ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্য।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের ফলে মদাপুর ইউনিয়ন পরিষদের স্থবির হয়ে থাকা প্রশাসনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দ্রুত গতি ফিরবে। একই সঙ্গে সাধারণ মানুষ নিয়মিত ও নির্বিঘ্নে প্রয়োজনীয় নাগরিক সেবা পাবেন।




















