বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাইচ মিলসহ পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান
- প্রকাশের সময় : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 74
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি রাইচ মিলসহ প্রায় ৫ থেকে ৭টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো একসময় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রাইচ মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান, গোডাউন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে জলিল মোল্লার রাইচ মিল, আস্থা ফার্মেসি, হিটু মোল্লা ও মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং সুমনের ওষুধের দোকানসহ প্রায় ৫ থেকে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীদের দোকান, মালামাল ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।




















