রাজবাড়ীতে প্রয়াত স্বপন রায়ের স্মরণসভা
- প্রকাশের সময় : ১২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 8
রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য সদ্য প্রয়াত স্বপন রায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। পরে স্মৃতিচারণের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজাজ আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস। স্মৃতিচারণ করেন জেলা প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল হক আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উদীচীর সহসভাপতি ফকীর শাহাদত হোসেন, জেলা উদীচীর সদস্য কমল কান্তি সরকার, সংগীত বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার, সাংবাদিক মহসিন মৃধা এবং তবলাবাদক দিলীপ মন্ডল।
ধীরেন্দ্রনাথ দাসের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একক সংগীত পরিবেশন করেন ধীরেন্দ্রনাথ দাস, মো. আব্দুল জব্বার, মিলন সিদ্দিকী, ডা. সুশীল সরকার, গৌতম বসু, সুমা কর্মকার ও আকলিমা খাতুন।
কবিতা পাঠ করেন রাধ্যেশ্যাম চক্রবর্তী, মলিনা পারভীন ও কবি রাবেয়া লিপি। সবশেষে সুমা কর্মকারের কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গান পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।
স্মৃতিচারণে বক্তারা বলেন, স্বপন রায় ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও প্রাণখোলা একজন মানুষ। তিনি সবার সঙ্গে প্রাণখুলে কথা বলতেন এবং গানকে ভীষণ ভালোবাসতেন। জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি সংগীতপ্রেমী মানুষের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
























