বিরতি ভেঙে আবারও ইরানে মার্কিন হামলা
- প্রকাশের সময় : ১০:৩৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 8
প্রায় পাঁচ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টা) থেকে নতুন করে এ অভিযান শুরু হয়।
হামলা শুরুর পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ভোরে মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন হামলা হয়। এতে বন্দরে আগুন লাগে। একই সময়ে ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন ও সৌদি বাহিনী যৌথ বিমান অভিযান পরিচালনা করছিল।
এ ছাড়া একই সময় জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে আগুন লাগার ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি তেহরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান।
গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর উভয় পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। টানা ১৩ দিনের সংঘর্ষের পর ২৫ জুলাই থেকে সাময়িক বিরতি চলছিল।
এদিকে আইআরজিসি বুধবার রাতে এক বিবৃতিতে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে। একই বিবৃতিতে ওমানের দেওয়া হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করার কথাও জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স





















