পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার
- প্রকাশের সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 10
নওগাঁর পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু ও আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ২৭টি বড় অ্যালুমিনিয়ামের পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত মোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আইন অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণের পর অবশিষ্ট ওয়াশ/জাওয়া পরিবহন ও সংরক্ষণের অনুপযোগী হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে তা ধ্বংস করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।




















