মধুখালীতে টয়লেটের স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 84
ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ির কাঁচা টয়লেটের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলে আলী আকবর মণ্ডলের স্ত্রী রওশনা বেগম জানান, ভোরে টয়লেট ব্যবহার করতে গিয়ে স্ল্যাবের ওপর দাঁড়ালে অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি স্বামীকে জানালে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি।
পরে আলী আকবর মণ্ডল নিজে টয়লেটে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু রয়েছে বলে সন্দেহ করেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে ভেতরে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের অংশ এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকা বিভিন্ন হাড় উদ্ধার করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই। ফলে উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।





















