গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ
- প্রকাশের সময় : ০৬:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 22
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণ করবে না, একই সঙ্গে ঠিক করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিকও। এ লড়াইয়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুরস্কারটি জিততে হলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে।
এ পর্যন্ত বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ৮, আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।
ফিফার নিয়ম অনুযায়ী, গোল সংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। বর্তমানে এমবাপ্পে ও মেসি—দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৪টি করে। যদি মেসি ফাইনালে দুটি গোল করেন কিন্তু কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—উভয় ক্ষেত্রেই সমতা থাকবে।
সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম সময় মাঠে খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে থাকায় শুধু দুই গোল করলেই মেসির গোল্ডেন বুট নিশ্চিত হবে না।
মেসির গোল্ডেন বুট জয়ের সম্ভাব্য সমীকরণ:
১. ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক (তিন গোল) করতে হবে, অথবা
২. দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে।
ফলে বিশ্বকাপের ফাইনালে শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইটিও জমে উঠেছে, যেখানে মেসির সামনে অপেক্ষা করছে কঠিন কিন্তু সম্ভব এক চ্যালেঞ্জ।






















