আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি
- প্রকাশের সময় : ০২:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 21
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমায়েল এলফাত।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন তিনি।
ফিফার ঘোষিত ম্যাচ কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, এলফাতকে সহায়তা করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।
৪৪ বছর বয়সী ইসমায়েল এলফাত ২০১২ সাল থেকে মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি প্রথমবার দায়িত্ব পালন করেন এবং ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে চতুর্থ রেফারি ছিলেন।
চলতি বিশ্বকাপে এলফাত এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচের পাশাপাশি শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তিনি প্রধান রেফারির দায়িত্বে ছিলেন।
মরক্কোয় জন্ম নেওয়া এলফাত ২০০১ সালে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে টেক্সাসে বসবাসরত এই রেফারি দুবার এমএলএসের বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন। এছাড়া ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালও পরিচালনা করেছেন তিনি।
আর্জেন্টিনা ও ইংল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের শেষ দেখা হয়েছিল ২৪ বছর আগে। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হতে যাওয়া এই দুই পরাশক্তির লড়াইয়ে ইসমায়েল এলফাতের ওপর থাকবে নিরপেক্ষ ও দৃঢ় ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

























