ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা
- প্রকাশের সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 28
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক নীল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। দলটির আবেদনে সম্মতি দিয়ে ফিফা নীল জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানান, ইংল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদা হোম জার্সির পরিবর্তে নীল অ্যাওয়ে জার্সি পরতে ফিফার কাছে আবেদন করেছিল আর্জেন্টিনা।
চলতি বিশ্বকাপে এর আগে একবারই নীল জার্সি পরেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওই জার্সিতে ৩-১ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে কুসংস্কার বা ‘কাবালা’র প্রচলন বেশ পুরোনো। অনেক সমর্থকের বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি স্মরণীয় জয়ের সময় নীল বা নেভি রঙের জার্সি পরেছিল দলটি। সেই স্মৃতি থেকেই অনেকের কাছে এটি ‘লাকি জার্সি’ হিসেবে পরিচিত।
দেশটির ফুটবলাঙ্গনে এমন নানা সৌভাগ্যের রীতি প্রচলিত রয়েছে। ম্যাচের দিন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া নিয়মিত লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের সঙ্গে ‘মাতে’ পান করার ছবি প্রকাশ করেন। আবার অনেক সমর্থক প্রতিটি ম্যাচ একই আসনে বসে খেলা দেখেন, কারণ এতে দলের জয় আসে বলে তাদের বিশ্বাস।
খেলোয়াড়দের মধ্যেও নির্দিষ্ট ম্যাচ রুটিন বজায় রাখার প্রবণতা রয়েছে।
তবে নীল জার্সি পরার পেছনে বাস্তব কারণও রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করেছে ফিফা। সে অনুযায়ী প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার অ্যাওয়ে কিট পরাই নিয়মসিদ্ধ।
আগামী বুধবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে জুড বেলিংহামের ইংল্যান্ড দীর্ঘ প্রতীক্ষার বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে লড়বে।






















