বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি
- প্রকাশের সময় : ০২:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 20
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কলম্বিয়ার মিডফিল্ডার জামিন্টন ক্যাম্পাজ ও তার পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যাম্পাজ বিষয়টি নিশ্চিত করে সমর্থকদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা বলেছে, ফুটবল ঐক্য, শ্রদ্ধা ও আশার প্রতীক হওয়া উচিত; এটি কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার জায়গা হতে পারে না। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় কলম্বিয়া। এই ঘটনার পর আবারও ফিরে এসেছে ১৯৯৪ সালের বিশ্বকাপের করুণ স্মৃতি। সে সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে আত্মঘাতী গোল করা ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই আততায়ীর গুলিতে নিহত হন। সেই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।




















