কোটালীপাড়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতি
- প্রকাশের সময় : ০৫:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 123
গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী (বাবুর বাজার) এলাকায় সমিতির কার্যালয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবং সদ্য নির্বাচিত পরিচালনা কমিটির সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার মাধ্যমে সমিতির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সমাজসেবক প্রদীপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজসেবক হ্যান্ড্রি বাড়ৈ, আলবার্ট জজ, মানিক হালদার, টুলু বাড়ৈ ও সেন্টু বাড়ৈ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জন বৈদ্য।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এ সমবায় সমিতির যাত্রা শুরু হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় সমিতির পরিচালনা পর্ষদের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























