বিতর্ক ছাপিয়ে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম
- প্রকাশের সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 19
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে দলে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে মাঠের খেলায় সেই বিতর্কের কোনো প্রভাব দেখা যায়নি। দুর্দান্ত নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।
মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের অষ্টম মিনিটেই চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। ৩১ মিনিটে মালিক টিলম্যান ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান যুক্তরাষ্ট্রের হয়ে।
তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। কিক-অফের মাত্র ৬১ সেকেন্ড পরই আবারও গোল করে বেলজিয়াম। এরপর দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় তারা। ডি কেটেলার জোড়া গোলের পাশাপাশি হান্স ভেনাকেন ও বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু একটি করে গোল করেন।
এই জয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও ধরে রাখল বেলজিয়াম। একই সঙ্গে গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল তারা।
কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।
অন্যদিকে, ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল যুক্তরাষ্ট্রের। এছাড়া ১৯৩০ সালের পর বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়।

























