নওগাঁ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, উপকরণ পেলেন ১ হাজার ১৫০ কৃষক
- প্রকাশের সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 72
নওগাঁ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২ হাজার ১০০ কৃষককে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ দেওয়া হবে। এর মধ্যে সোমবার ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য বীজ বিতরণ করা হয়।
এ ছাড়া ৪৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। রোপা আমন ধান চাষের জন্য কৃষকপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। অন্যদিকে ৩০০ জন কৃষককে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির পাঁচটি করে গাছের চারা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা অব্যাহত রাখতে সরকার প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে। তিনি কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
























