১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মেক্সিকো
- প্রকাশের সময় : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 17
রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের বড় একটি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রেখে শেষ আট নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।
প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মেক্সিকো। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে পাল্টা আক্রমণে দারুণ কার্যকর ছিল ইংল্যান্ড।
ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকলেও এরপর মাত্র ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। প্রথমার্ধের যোগ করা সময়ে হুলিয়ান কুইনোনেস একটি গোল শোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ড বড় ধাক্কা খায়। ৫৪তম মিনিটে হেসুস গায়ার্দোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জ্যারেল কোয়ানসা। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইংলিশদের।
একজন কম নিয়েও ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। পরে মেক্সিকোও পেনাল্টি পেলে রাউল হিমিনেজ গোল করে ব্যবধান ৩-২ করেন। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
পুরো ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল এবং ১৯টি শট নিয়েও জয় পায়নি মেক্সিকো। বিপরীতে ইংল্যান্ড মাত্র পাঁচটি শটের চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং সেখান থেকেই তিনটি গোল আদায় করে নেয়।
এই হারের মধ্য দিয়ে সহ-আয়োজক মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শেষ হলো শেষ ষোলোতেই। অন্যদিকে নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড।




















